ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মিয়ানমারে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট, জ্বালানি পানীয় ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যসহ ১৯ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাত ২টার দিকে 'অপারেশন কোরাল দ্বীপ'-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকায় সন্দেহজনক দুটি ফিশিং বোট দেখতে পেয়ে কোস্ট গার্ড সদস্যরা সেগুলোকে থামিয়ে তল্লাশি চালায়।
তল্লাশিকালে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ১১ লক্ষ টাকা মূল্যের ১ হাজার ১৪০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এছাড়া খাদ্যদ্রব্যের মধ্যে ছিল ৫ বস্তা রসুন, ৫০ বস্তা ছোলা, ২০ বস্তা আলু এবং ৭ হাজার ৮০ পিস 'রয়েল টাইগার' এনার্জি ড্রিংকস। পাচারকাজে ব্যবহৃত দুটি ফিশিং বোটসহ ১৯ জন পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত মালামাল, বোট এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত এলাকায় পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ