স্বামী-স্ত্রী পরস্পরের বিরুদ্ধে মামলা, দুজনকেই কারাগারে পাঠালেন আদালত
ফেনী প্রতিনিধি: ফেনীতে পারিবারিক কলহের জেরে একে অপরের বিরুদ্ধে দায়ের করা পৃথক মামলায় স্বামী ও স্ত্রী উভয়কেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (১০ জুন) দুপুরে উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন এই আদেশ দেন।
কারাগারে যাওয়া দম্পতি হলেন— ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মোঃ সুমন এবং তাঁর স্ত্রী একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তার।
আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০২৫ সালের অক্টোবর মাসে সুমন ও নাসিমার বিয়ে হয়। সুমনের পরিবারের অভিযোগ, বিয়ের মাত্র দুই মাস পর নাসিমা আক্তার তাঁর পূর্বপরিচিত এক ব্যক্তির সহযোগিতায় শ্বশুরবাড়ি থেকে ৪ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকা নিয়ে পালিয়ে যান। এই ঘটনায় সুমনের বাবা বাচ্চু মিয়া বাদী হয়ে পুত্রবধূ নাসিমা আক্তারের বিরুদ্ধে আদালতে একটি চুরির মামলা দায়ের করেন।
অন্যদিকে, এই মামলার পাল্টা জবাবে স্ত্রী নাসিমা আক্তারও তাঁর স্বামী মোঃ সুমন, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে আদালতে নির্যাতন ও যৌতুকের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
আজ বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুই মামলারই শুনানির দিন ধার্য ছিল। দীর্ঘ আইনি শুনানি ও যুক্তিতর্ক শেষে আদালত দেখতে পান যে, উভয় পক্ষের মধ্যকার এই পারিবারিক বিরোধ আপসের মাধ্যমে মীমাংসা করার কোনো সুযোগ তৈরি হয়নি। পরে বিজ্ঞ বিচারক আইনগত দিক বিবেচনা করে পৃথক দুই মামলায় স্বামী ও স্ত্রী দুজনকেই জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের আদেশ অনুযায়ী, স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী মোঃ সুমনকে এবং স্বামীর পরিবারের পক্ষ থেকে দায়ের করা চুরির মামলায় স্ত্রী নাসিমা আক্তারকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়।
এআইএল/সকালবেলা
|