পশ্চিমবঙ্গে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ বিজেপি সরকারের
বিশেষ প্রতিনিধি: আসাম ও উত্তর প্রদেশের ধারাবাহিকতায় ভারতের পশ্চিমবঙ্গেও অনুমোদনহীন মাদরাসা বন্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। প্রথম দফায় রাজ্যের ২৫২টি অনুমোদনহীন মাদরাসা সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি আরও ১০০টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ও মাদরাসা শিক্ষা দপ্তরের পরিচালিত সমীক্ষায় জানা যায়, রাজ্যজুড়ে প্রায় ২ হাজার ৩৯৬টি মাদরাসা যথাযথ অনুমোদন ছাড়া পরিচালিত হচ্ছে। পরিকাঠামোগত ত্রুটি, পাঠক্রমের বৈষম্য, প্রয়োজনীয় নথিপত্রের অভাব এবং শিক্ষার্থীদের তথ্যে অসংগতির কারণে সংশ্লিষ্ট জেলা শাসকদের মাধ্যমে এসব প্রতিষ্ঠান বন্ধ ও কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়। নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
রাজ্যের সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী জানিয়েছেন, অনুমোদিত মাদরাসাগুলোর স্বাভাবিক কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না। তবে প্রশাসনিক সূত্র ও ক্ষমতাসীন দলের নেতারা জানান, অনুমোদনহীন শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি রোধে এবং পূর্বের উগ্রপন্থি কর্মকাণ্ডের অভিযোগ থাকায় নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে সরকারের এই পদক্ষেপে রাজ্যজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সাধারণ মুসলিম সমাজ ও বিশ্লেষকদের মতে, পরিকাঠামোগত ত্রুটি অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে থাকলেও এককভাবে কেবল নির্দিষ্ট একটি সম্প্রদায়ের প্রতিষ্ঠানকে নিশানা করা বৈষম্যমূলক, যা দীর্ঘমেয়াদে সামাজিক সমীকরণে প্রভাব ফেলতে পারে।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া
এআইএল/সকালবেলা