সোনারগাঁওয়ে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত কাভার্ড ভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে উল্টে গেছে। এতে কাভার্ড ভ্যানচালক মো. বাবুল (৪৮) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সহকারী (হেল্পার) গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার (৬ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক বাবুল টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার রামকৃষ্ণ বাড়ি এলাকার মৃত সানোয়ারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী 'মায়ের দোয়া ট্রান্সপোর্ট' (ঢাকা মেট্রো উ-১১-৪২৮০) নামের কাভার্ড ভ্যানটি রূপচাঁদা ব্র্যান্ডের সয়াবিন তেল বোঝাই করে ঢাকার দিকে আসছিল। পথে নয়াগাঁও এসকে স্টিল মিলের বিপরীতে পৌঁছালে হঠাৎ কাভার্ড ভ্যানটির একটি চাকা ফেটে (বাস্ট) যায়। এতে চালক তাৎক্ষণিকভাবে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানটি মহাসড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দিলে খুঁটিটি দুমড়ে-মুচড়ে যায় এবং কাভার্ড ভ্যানটি উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় ওই এলাকায় সাময়িক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাতনামা (৩৫) হেল্পারকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত চালকের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাকা ফেটে যাওয়ার কারণেই মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি মহাসড়কের পাশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এআইএল/সকালবেলা