কিশোরগঞ্জে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২১

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ণ
কিশোরগঞ্জে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২১

নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: অনলাইন জুয়া, অ্যাপভিত্তিক অর্থ লেনদেন ও প্রতারণার অভিযোগে কিশোরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার পর জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের স্মার্টফোন পরীক্ষা করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে সন্দেহজনক অর্থনৈতিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে কিছু অ্যাপ ব্যবহার করে অতিরিক্ত অর্থ বা 'কয়েন' দেওয়ার লোভ দেখিয়ে এ চক্রটি বিস্তৃত হচ্ছিল। লেনদেনের প্রকৃতি ও অর্থের ব্যবহারসহ সার্বিক বিষয় পুলিশ অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই-বাছাই করছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে দুই-তিনজনের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাঁদের বিষয়ে অধিকতর তদন্ত চলছে। তবে মূল অপরাধী এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রতারণাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনলাইন জুয়া ও অ্যাপভিত্তিক প্রতারণা বন্ধে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন