শাজাহানপুরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত, আহত ৭

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ণ
শাজাহানপুরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত, আহত ৭

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে পড়া একটি মাইক্রোবাসের সঙ্গে ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বিদেশফেরত এক ব্যক্তিসহ আরও সাতজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে উপজেলার নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মন্ডলের ছেলে ও মাইক্রোবাস চালক ফেরদৌস মন্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক ব্যক্তি ও তার স্বজনদের নিয়ে মাইক্রোবাসটি জয়পুরহাটের আক্কেলপুরের দিকে যাচ্ছিল। নয়মাইল এলাকায় পৌঁছালে ভুলবশত গাড়িটি বিপরীত লেনে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালকসহ দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত বাকি সাতজনকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন