বালিখোলা ফেরিঘাটে কৃত্রিম সংকট: ১ কিলোমিটার দীর্ঘ যানজটে বিপাকে কৃষক

রকিব মুহাম্মদ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ণ
বালিখোলা ফেরিঘাটে কৃত্রিম সংকট: ১ কিলোমিটার দীর্ঘ যানজটে বিপাকে কৃষক

নূর আহম্মদ পলাশ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলা ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায় বন্ধ হওয়ায় এবার ‘কৃত্রিম সংকট’ তৈরির অভিযোগ উঠেছে ফেরি কর্তৃপক্ষের বিরুদ্ধে। গতকাল জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে বাড়তি টাকা নেওয়া সাময়িকভাবে বন্ধ করা হলেও আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে ফেরি পারাপারে চরম ধীরগতি ও অব্যবস্থাপনার কারণে ঘাটের দুই পাড়ে এক কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাটের সংযোগ সড়কে অসংখ্য ধানবোঝাই ট্রাক ও ট্রাক্টর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তপ্ত রোদে কৃষকদের খোলা ট্রাকে থাকা শত শত বস্তা ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। সড়কে অপেক্ষমাণ কৃষকদের চোখেমুখে ক্লান্তি ও হতাশার ছাপ স্পষ্ট।

ঘাটে আটকে পড়া এক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, গতকাল বড় সাহেব (জেলা পরিষদ প্রশাসক) এসে বলে গেলেন বেশি টাকা দেওয়া লাগবে না। কিন্তু এখন বেশি টাকা দিতে পারছি না দেখে ফেরিওয়ালাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা ইচ্ছা করে দেরি করছে যাতে আমরা বাধ্য হয়ে বেশি টাকা দেই।"

আরেকজন ট্রাক্টর চালক বলেন, "সকাল থেকে ঠাঁয় দাঁড়িয়ে আছি। সামনে গাড়ি চলে না। রোদে ধানের বস্তা গরম হয়ে যাচ্ছে। ফেরি পারাপারে যে টালবাহানা শুরু হয়েছে, তাতে মনে হচ্ছে আমাদের পকেট না কেটে তারা ফেরি ছাড়বে না।"

ঘাটে এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হলেও ফেরি ইজারাদার বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাউকেই এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। সরেজমিনে গিয়ে দেখা যায়, অতিরিক্ত টাকা নিতে না পেরে ফেরি কর্তৃপক্ষ পারাপারে কৃত্রিম ধীরগতি সৃষ্টি করেছে। এই অসহযোগিতার কারণে হাওরের কৃষকরা তাদের কষ্টার্জিত ফসল নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন।

উল্লেখ্য, গতকাল ২৯ এপ্রিল বালিখোলা ফেরিঘাটে বাড়তি টোল ও ভাড়া আদায়ের প্রতিবাদে কৃষকরা ধর্মঘট পালন করেছিলেন। খবর পেয়ে কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের পক্ষে অবস্থান নেন এবং নির্ধারিত টোলের বাইরে বাড়তি টাকা নিলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেন। তার হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে স্বাভাবিক হলেও আজ পুনরায় পরিকল্পিত সংকটে পড়েছেন এই অঞ্চলের সাধারণ মানুষ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘাটে কোনো প্রশাসনিক কর্মকর্তাদের দেখা যায়নি এবং কৃত্রিম সংকটের কারণে যানজট আরও দীর্ঘ হচ্ছে।

মন্তব্য করুন