গজারিয়ায় মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ণ
গজারিয়ায় মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত

মো. দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দীতে 'আমানাহ ২৪ ফাউন্ডেশন' ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৫ মে) বিকেলে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।

গজারিয়া উপজেলার বালুয়াকান্দী শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। র‍্যালিটি মেঘনা ভিলেজ পার্কের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমানাহ ২৪ সংগঠনের সভাপতি এবিএম বাইজিদ হক আসফির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকরাম প্রধানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ভিপি মাসুম খাঁন, ইসহাক আলী ও মাসুদ ফারুক। এছাড়া উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রুহুল আমিন সরকার, কৃষকদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ফজলুল হক নয়ন, ইউপি সদস্য মোশারফ মেম্বার, নাজিম উদ্দিন লাভলু এবং ছাত্রদল নেতা মো. মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক বর্তমান সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ হুমকি। মাদকের নীল দংশন থেকে যুবসমাজকে রক্ষা করতে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকার। একটি মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন