ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ আবদুল মজিদ (৫০) স্থানীয় আবদুল মোনাফের ছেলে এবং পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, ইফতারের পর অলিমিয়াহাট বাজারের একটি দোকানে বসেছিলেন মজিদ। সেখান থেকে বের হওয়ার পরপরই মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলটি স্থানীয় পুলিশ তদন্তকেন্দ্র থেকে মাত্র ৫০০ মিটার দূরে অবস্থিত। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক টিপলু কান্তি দে জানান, নিহতের শরীরে তিনটি গুলি লেগেছে এবং অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।
নিহতের ছোট ভাই আনোয়ার হোসেন জানান, মজিদ স্থানীয় বিএনপির এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। বিগত ১৭ বছরে তার ওপর দুবার হামলা হলেও সে যাত্রায় তিনি বেঁচে গিয়েছিলেন। নিহত মজিদের স্ত্রী শাহনাজ বেগম এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. বেলাল জানান, দুর্বৃত্তরা মজিদকে হত্যার পর তার ওপরও হামলা করতে চেয়েছিল, তবে তিনি পালিয়ে রক্ষা পান।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি একই বাজারের কাছে মুহাম্মদ জানে আলম নামের আরেক যুবদল নেতাকে একইভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। দেড় মাস পার হলেও সেই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজানে ২১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে ১৫টিই রাজনৈতিক সংশ্লিষ্ট।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ