বগুড়া কারাগারে বন্দিদের ভোটে অনাগ্রহ: নিবন্ধিত মাত্র ৪ শতাংশ

বগুড়া কারাগারে বন্দিদের ভোটে অনাগ্রহ: নিবন্ধিত মাত্র ৪ শতাংশ

ওয়াফিক শিপলু, বগুড়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের গণভোটকে কেন্দ্র করে বগুড়া জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম শেষ পর্যায়ে পৌঁছেছে। তবে কারাগারে থাকা বিপুল সংখ্যক বন্দির তুলনায় ভোটাধিকার প্রয়োগে আগ্রহ দেখা গেছে মাত্র ৪ শতাংশের মধ্যে। নিবন্ধিতদের একটি বড় অংশই ইতিমধ্যে তাঁদের ভোট প্রদান করেছেন।

বগুড়া জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) ছিল এই কার্যক্রমের নির্ধারিত শেষ দিন। কারাগারের জেল সুপার ফারুক আহমেদ জানান, বর্তমানে কারাগারে মোট বন্দির সংখ্যা প্রায় ১ হাজার ৯১৭ থেকে ১ হাজার ৯১৮ জন। অথচ এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে মাত্র ৭৭ জন বন্দি ভোট দেওয়ার জন্য চূড়ান্তভাবে নিবন্ধন করেছেন।

ভোটার উপস্থিতি কেন এত কম—এমন প্রশ্নের জবাবে জেল সুপার জানান, অনেক বন্দি নিবন্ধনের পর জামিনে মুক্তি পেয়েছেন, ফলে তারা এখন নিজ নিজ এলাকায় সাধারণ ভোটার হিসেবে ভোট দেবেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, "ভোট দেওয়া সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়, কাউকে এতে বাধ্য করার সুযোগ নেই।" মূলত আইনি জটিলতা, সচেতনতার অভাব এবং ব্যক্তিগত অনীহার কারণেই নিবন্ধনের হার এত কম বলে ধারণা করা হচ্ছে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নিবন্ধনকারী ৭৭ জনের মধ্যে ঠিক কতজন শেষ পর্যন্ত পোস্টাল ব্যালট ব্যবহার করেছেন, তার চূড়ান্ত পরিসংখ্যান সোমবার (৯ ফেব্রুয়ারি) পাওয়া যাবে। তবে পুরো প্রক্রিয়াটি অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এবং নির্বাচন কমিশনের নির্ধারিত বিধিমালা অনুসরণ করেই সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম কারাবন্দিদের জন্য এত বড় পরিসরে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করা হয়েছে।

মন্তব্য করুন