ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহারকে জনকল্যাণমুখী ও সময়ের সাহসী অঙ্গীকার হিসেবে উল্লেখ করেছেন বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি। রোববার বিকেলে বগুড়া পৌরসভার ১৯নং ওয়ার্ডের কালিবালা এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত এক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
গণসংযোগকালে আহসান হাবিব মমি বলেন, তারেক রহমানের দেওয়া নির্বাচনী ইশতেহারে দেশের প্রতিটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, ফ্যামিলি কার্ড চালু এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতের আধুনিকায়নের যে রূপরেখা দেওয়া হয়েছে, তা দেশের সামগ্রিক চিত্র বদলে দেবে। বিএনপি সবসময় সাধারণ মানুষের কথা ভাবে এবং তাদের ভাগ্য পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ—এই ইশতেহারই তার সবথেকে বড় প্রমাণ। তিনি আরও যোগ করেন, তারা এমন এক রাষ্ট্র গড়তে চান যেখানে আইনের শাসন থাকবে এবং প্রতিটি নাগরিক তার ভোটাধিকার ও সমান সুযোগ ফিরে পাবে।
শহর যুবদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ১৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন। মমির সাথে উপস্থিত ছিলেন শহর যুবদলের সিনিয়র সহসভাপতি তারিক মজিদ সোহাগ, সহসভাপতি মোনারুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহেদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক ওমাইদুল হাবিব মিম, প্রচার সম্পাদক ওয়াসিম রেজা এবং সহ-প্রচার সম্পাদক শাহেদ আলীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।
কালিবালা এলাকার পাড়া-মহল্লায় গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। যুবদল নেতারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে বিএনপিকে দেশ ও জনগণের সেবা করার সুযোগ দেওয়ার উদাত্ত আহ্বান জানান।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ