ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর শহরের আলিপুর খাঁ পাড়া ঈদগাহ মাঠ এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ শুভ (২৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নিয়মিত টহলের সময় তাকে আটক করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, বিকেলে আলিপুর এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল যৌথ বাহিনী। এ সময় প্রকাশ্য দিবালোকে এক যুবককে হাতে অস্ত্র নিয়ে চলাফেরা করতে দেখে তাকে থামার সংকেত দেওয়া হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সদস্যরা ধাওয়া করে তাকে ধরে ফেলেন।

আটক শুভর বাড়ি শহরের আলিপুর রাজ্জাকের মোড় এলাকায়; সে শুকুর মোল্লার ছেলে। আটকের পর তার দেহ তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড অ্যামুনিশন, একটি খালি খোকা এবং ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং মাদক কারবারের সঙ্গে আর কে কে জড়িত, সে বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

শহরের জনাকীর্ণ এলাকায় দিনে-দুপুরে অস্ত্রসহ সন্ত্রাসী আটকের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন