ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক তিন দিন আগে সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে নাটকীয় মোড় নিয়েছে নির্বাচনী সমীকরণ। ১১ দলীয় জোটের একক প্রার্থী নিশ্চিত না হওয়ায় এবং জোটের একাধিক প্রার্থী মাঠে থাকায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ মুশতাক আহমদ।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিসের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান। শেখ মুশতাক আহমদ বলেন, "দলীয় স্বার্থ ও জোটগত শৃঙ্খলা রক্ষার জন্যই আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা 'দেওয়াল ঘড়ি' প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ করে জনগণের অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম, কিন্তু জোটের ভেতরে একক প্রার্থী নির্ধারণে সমঝোতা না হওয়াটা অত্যন্ত দুঃখজনক।"
শেখ মুশতাক আহমদ জানান, ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটি একাধিকবার বৈঠক করেও একক প্রার্থীর প্রশ্নে ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় এ আসনটি উন্মুক্ত রাখা হয়েছে। তিনি আরও স্পষ্ট করেন যে, নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তিনি বা তাঁর দল খেলাফত মজলিস বর্তমানে মাঠে থাকা অন্য কোনো নির্দিষ্ট প্রার্থীকে সমর্থন দেবে না।
উল্লেখ্য, সুনামগঞ্জ-৩ আসনটি ১১ দলীয় জোটের পক্ষ থেকে উন্মুক্ত রাখায় নির্বাচনী মাঠে এখনো রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শাহিনুর পাশা চৌধুরী (রিকশা প্রতীক) এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম (ঈগল প্রতীক)।
সংবাদ সম্মেলনে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা এবং পৌর খেলাফত মজলিসের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেখ মুশতাক আহমদের এই আকস্মিক প্রস্থানে এলাকার নির্বাচনী রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ