ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলায় বিএনপির এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিজ দলের কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত এরশাদ আলী (৬৫) সিপাইপাড়া গ্রামের বাসিন্দা এবং ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সদস্য। তিনি রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ–এর অনুসারী ছিলেন।
অভিযোগ রয়েছে, এ ঘটনায় জড়িতরা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বল–এর অনুসারী। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
চারঘাট থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম জানান, জুমার নামাজের পর স্থানীয়রা মসজিদে ইসলামী জলসা আয়োজন নিয়ে আলোচনা করছিলেন। এক পক্ষ আনোয়ার হোসেন উজ্জ্বলকে এবং অপরপক্ষ স্থানীয় এমপিকে প্রধান অতিথি করার প্রস্তাব দেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি হয় এবং আলোচনা ভেস্তে যায়।
রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে এরশাদ আলীকে স্থানীয় একটি চায়ের দোকানের সামনে কয়েকজন হামলা করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, লাঠি ও পেয়ারা গাছের ডাল দিয়ে তাকে পেটানো হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ঘটনার পর পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালর মর্গে পাঠানো হবে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ