ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মেহেদী মাছুম, রায়পুর (লক্ষ্মীপুর): মাদক ব্যবসায়ীদের তথ্য পুলিশকে দেওয়ায় লক্ষ্মীপুরের রায়পুরে কলেজছাত্র আশরাফুল ইসলামকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনার এক মাস পেরিয়ে গেলেও বাকি আসামিরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ বাড়ছে। মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাটে বিক্ষোভ ও বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া নিহত আশরাফুলের মা নিগার সুলতানার হৃদয়বিদারক আর্তনাদে উপস্থিত সবার চোখ ভিজে ওঠে। ছেলের শোকে পাথর হয়ে যাওয়া মা বারবার মূর্ছা যাচ্ছিলেন আর বলছিলেন, "বিচার লাগবো না, আমার বাবা লাগবোরে... আমারে একটু মা কইয়া ডাইকলেই অইবোরে। আমি খরাত (ভিক্ষা) কইরা তোমাদের টাকা দিমু, আমার বাবারে আইনা দে।" পাঁচ বোনের একমাত্র আদরের ভাই আশরাফুলের এমন পরিণতি মেনে নিতে পারছে না পরিবার ও এলাকাবাসী।
নিহত আশরাফুলের বাবা আজিজুল হক ও মামা কে এম সালেহ আহমেদ জানান, এলাকার মাদক কারবারিদের ধরতে পুলিশকে সহযোগিতা করায় আশরাফুলের ওপর ক্ষিপ্ত ছিল স্থানীয় চিহ্নিত অপরাধীরা। গত ১৪ জানুয়ারি পরিকল্পিতভাবে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। মুমূর্ষু অবস্থায় ঢাকা নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ২০ জানুয়ারি তার মৃত্যু হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ মহিউদ্দিন ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান হাবিব। বক্তারা বলেন, এক মাস পেরিয়ে গেলেও মামলার ৭ আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে, যা অত্যন্ত দুঃখজনক। তারা অবিলম্বে সব আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, মামলার এজাহারভুক্ত ৪ জন আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত জব্দ করা হয়েছে। পলাতক বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ