চট্টগ্রামে জাল ভিসা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১: উদ্ধার ১৭ পাসপোর্ট

প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ণ
চট্টগ্রামে জাল ভিসা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১: উদ্ধার ১৭ পাসপোর্ট
গ্রেপ্তার ১: উদ্ধার ১৭ পাসপোর্ট

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর টেরিবাজারে অভিযান চালিয়ে জাল ভিসা তৈরির সরঞ্জাম ও ১৭টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ ঘটনায় আব্দুল মাবুদ (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত শনিবার (২১ নভেম্বর ২০২৬) রাতে কোতোয়ালী থানার টেরিবাজার বাই লেনের কাটাপাহাড় এলাকার বদরউদ্দিন মার্কেটের পঞ্চম তলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশি নাগরিকদের বৈধ পাসপোর্টে সার্বিয়ার জাল ভিসা তৈরি করে লাগিয়ে দিতেন বলে অভিযোগ রয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইকবাল হোসেন জানান, ২১ নভেম্বর রাত ১১টা ১৫ মিনিটের দিকে ওই কক্ষে ভিসা জালিয়াতির গোপন তথ্য পায় পুলিশ। পরে বক্সিরহাট পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানার নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। ওই সময় আসামিকে প্রিন্টারের মাধ্যমে ভিসা তৈরি করতে দেখা যায়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল মাবুদ বেশ কিছুদিন ধরে এই জালিয়াতির কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অভিযানকালে উদ্ধার করা ১৭টি বাংলাদেশি পাসপোর্টে সার্বিয়ার ভিসা লাগানো ছিল। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে তিনি এসব জাল ভিসা তৈরি করতেন বলে জানিয়েছে পুলিশ।

ওসি (তদন্ত) মো. ইকবাল হোসেন আরও বলেন, "পাসপোর্টগুলোর মালিকদের শনাক্ত করে তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়া হবে। এ ছাড়া তারা কত টাকা দিয়েছেন, কীভাবে এই প্রতারণার শিকার হয়েছেন এবং এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় অজ্ঞাতনামা অন্য আসামিদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।"

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আব্দুল মাবুদের বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায় চলতি বছরের ৫ ফেব্রুয়ারি আরেকটি মামলা রয়েছে। ওই মামলায় প্রতারণা, বিশ্বাসভঙ্গ, জাল দলিল তৈরি, জাল দলিল ব্যবহার এবং অপরাধ সংঘটনে সহায়তার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে সাইবার অপরাধ ও পাসপোর্টসংক্রান্ত অপরাধের অভিযোগও রয়েছে।

গ্রেপ্তার আব্দুল মাবুদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সতিপাড়ায়। তাঁর বিরুদ্ধে কোতোয়ালী থানা পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় প্রতারণা, জাল দলিল তৈরি এবং প্রতারণার উদ্দেশ্যে জাল দলিল তৈরির পাশাপাশি পাসপোর্টসংক্রান্ত অপরাধের অভিযোগ আনা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।