শান্তিপূর্ণ সমাজ গঠনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পীরগাছায় ইউএনও

শান্তিপূর্ণ সমাজ গঠনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পীরগাছায় ইউএনও

হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর): রংপুরের পীরগাছায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা সম্পন্ন হয়।

 সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন একা যথেষ্ট নয়, এতে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ বন্ধে কেবল আইন প্রয়োগ নয়, বরং সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।" তিনি আরও উল্লেখ করেন যে, টেকসই উন্নয়ন ও একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

সভায় উপস্থিত বক্তারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে গ্রামীণ জনপদে চুরি-ছিনতাই রোধ এবং কিশোর অপরাধ দমনে পুলিশের টহল বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সভায় বাল্যবিবাহ বন্ধে স্থানীয় জনপ্রতিনিধিদের আরও সতর্ক থাকার এবং প্রতিটি ইউনিয়নে মাদকবিরোধী প্রচার জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়। উপস্থিত সকলে উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মন্তব্য করুন