ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুটি ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেন এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন। সাজা প্রদানের পাশাপাশি সম্রাটকে দুই ধারায় ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায়ে উল্লেখ করা হয়েছে, একটি ধারার সাজা শেষ হওয়ার পর অন্য ধারার সাজা শুরু হবে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিলেন। পরবর্তীতে ২০২০ সালের ২৬ নভেম্বর তদন্ত শেষে সম্রাটের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত বছরের ১৭ জুলাই আদালত সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন এবং সে সময় তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ২ ফেব্রুয়ারি মামলাটির সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। অভিযোগপত্রে উল্লিখিত ২১ জন সাক্ষীর প্রত্যেকের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। এরপর গত ৯ ফেব্রুয়ারি উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ২৫ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। আজ নির্ধারিত দিনে সম্রাটের উপস্থিতিতে আদালত এই কারাদণ্ডের রায় ঘোষণা করেন। রায়ের পর কঠোর নিরাপত্তায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ