স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ে আগ্রহ দেখালে দেশ উপকৃত হতো

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ণ
স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ে আগ্রহ দেখালে দেশ উপকৃত হতো
রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সব দিক বিবেচনা করে মনে হয় সরকারের দুজন মন্ত্রীর কাঁধে পঞ্চাশ শতাংশ দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর অন্য সব মন্ত্রণালয়ের ব্যাপারে যতটুকু আগ্রহ, উৎসাহ ও তৎপরতা দেখা যায়, তিনি যদি সেই তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখাতেন, তাহলে দেশবাসী উপকৃত হতো বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

আজ শুক্রবার (২৬ জুন) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, “বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিকট অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি নাজুক। অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি না হলে সরকারের জন্য এর পরিণতি দুঃখজনক হতে পারে।”

বাজেট প্রসঙ্গে তিনি আরও বলেন, “অর্থনীতি এবং আইনশৃঙ্খলা— এই দুটি জায়গায় যদি দৃশ্যমান অগ্রগতি না হয়, তাহলে এই সরকারের পরিণতি সত্যিকার অর্থে দুঃখজনক হবে। নতুন অর্থবছরের যে বাজেট দেওয়া হয়েছে, তা নিয়ে আমি সংসদেও বিশ্লেষণধর্মী কথা বলেছি। এই বাজেট কতটুকু বাস্তবায়নযোগ্য, সেটাও এখন একটি বড় প্রশ্ন।”

এ সময় তিনি বিরোধী দল বিএনপির স্থানীয় নেতাকর্মীদের ওপর রাজনৈতিক মামলার প্রসঙ্গ টেনে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “এলাকায় ‘শো অ্যারেস্টের’ সংস্কৃতি শুরু হয়েছে। একটি মামলায় জামিন নেওয়ার সঙ্গে সঙ্গেই আরেকটি মামলা দেওয়া হচ্ছে। প্রতিটি এলাকায় এভাবে মামলার এক ধরনের ব্যবসা চলছে। এটা আমি সংসদেও বলেছি, সরকারকেও বলব এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকেও বলব—বিষয়টি খতিয়ে দেখার জন্য। কারণ মনে রাখবেন, আজ আপনি যা করছেন, তার জন্য একদিন আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।”

মন্তব্য করুন