জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

প্রকাশ: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির
নিজস্ব প্রতিবেদক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের অধীনে নয়, বরং এককভাবে অংশ নেওয়ার কৌশল গ্রহণ করেছে তরুণদের নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তৃণমূল পর্যায় পর্যন্ত দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যেই শীর্ষ নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

সংসদ নির্বাচনে ছয়টি আসনে বিজয়ের পর থেকেই এনসিপি তাদের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার দিকে মনোযোগী হয়েছে। দলের মুখ্য সংগঠক সারজিস আলম জানান, সারা দেশে ওয়ার্ড পর্যায় পর্যন্ত কমিটি গঠনের কাজ চলমান রয়েছে। তিনি বলেন, “যেসব এলাকায় দলের অস্তিত্ব নেই, সেখানে নতুন কমিটি গঠন করা হচ্ছে এবং বিদ্যমান কমিটিগুলোর কার্যকারিতা মূল্যায়নের মাধ্যমে সংস্কার আনা হচ্ছে।”

এককভাবে নির্বাচনে অংশ নিলে দলের সাংগঠনিক তৎপরতা বাড়বে, যা তৃণমূল পর্যায়ে রাজনৈতিক ভিত্তি তৈরি করবে বলে মনে করেন নেতারা। তবে তারা এটাও স্বীকার করছেন যে, এই প্রক্রিয়ায় ভোট বিভাজনের কারণে নির্দিষ্ট কিছু আসনে জয়ের সম্ভাবনা কমে যাওয়ার ঝুঁকিও রয়েছে। তবুও সাংগঠনিক সক্ষমতা প্রমাণের জন্য তারা এই পথেই হাঁটতে বদ্ধপরিকর।

দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিশ্চিত করেছেন যে, জোট গঠনের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। দলের ভাবমূর্তি রক্ষায় তারা বিশেষ সতর্ক। আসিফ মাহমুদ জানান, অনেক প্রভাবশালী নেতা দলে যোগদানের আগ্রহ দেখালেও বিতর্কিত ব্যক্তিদের ব্যাপারে দলটি কঠোর। স্থানীয় ও জাতীয় পর্যায়ে দলের স্বচ্ছ ইমেজ বজায় রাখতে এই সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ও প্রক্রিয়া নিয়ে এখনো অনিশ্চয়তা থাকলেও এনসিপি তাদের অভ্যন্তরীণ প্রস্তুতির ওপরই বেশি জোর দিচ্ছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন