প্রধানমন্ত্রীকে আমির হামজার কঠোর হুঁশিয়ারি
বিশেষ প্রতিনিধি: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, "আমরা ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা যদি সংসদ বয়কট করে রাজপথে নেমে আসি, তবে আপনারা দুই দিনও টিকতে পারবেন না। তাই দেশের স্বার্থেই বলছি, সরকার চালাতে হলে সঠিকভাবে চালান। জুলাই সনদ মেনে নিতে আমাদের যদি কোনো আপত্তি না থাকে, তবে আপনাদের সমস্যা কোথায়?"
বুধবার (৫ আগস্ট) বিকেলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে কুষ্টিয়া পৌরসভার ‘বিজয় উল্লাস চত্বরে’ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিল উত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে আমির হামজা আরও বলেন, "আপনার আশপাশের এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করুন। তা না হলে শেখ হাসিনাকে যেভাবে এদেশ থেকে বিদায় নিতে হয়েছে, আপনাকেও বিদায় করার জন্য আপনার এই গুন্ডাবাহিনীই যথেষ্ট হবে।"
সমাবেশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, "আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছবির ওপর যারা হামলা ও জুতা নিক্ষেপ করেছে, তারা মোটেও দেশের সুসন্তান হতে পারে না। তিনি শুধু বাংলাদেশের নন, বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন। ছাত্রদল বা যুবদলের নাম ভাঙিয়ে যারা এই ঘৃণ্য কাজ করেছে, নিশ্চিতভাবেই তাদের মধ্যে কোনো ষড়যন্ত্রী গোষ্ঠী অনুপ্রবেশ করেছে।"
জুলাই যোদ্ধাদের ক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের কুষ্টিয়ার সংসদ সদস্যদের নিয়ে জুলাই যোদ্ধাদের কিছু মান-অভিমান রয়েছে। আমরা তাঁদের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পর্যন্ত দরবার করেছি। কিন্তু একটি গোষ্ঠী জুলাই সনদের বাস্তবায়ন চাচ্ছে না; তারা সব জায়গায় চাঁদাবাজি ও দখলদারিত্ব কায়েম করে রেখে দিয়েছে।"
সমাবেশে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনামুল হক এবং এনসিপির কুষ্টিয়া জেলা প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি।
এআইএল/সকালবেলা
|