রিমান্ড শেষে কারাগারে জামায়াতের সাবেক এমপি নজরুল

প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ণ
রিমান্ড শেষে কারাগারে জামায়াতের সাবেক এমপি নজরুল

বিশেষ প্রতিবেদন: দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মামলায় দুই দফায় ৮ দিনের রিমান্ড ভোগ শেষে খুলনা-৫ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামকে (গাজী নজরুল) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ প্রদান করেন।

মামলার বিবরণী অনুযায়ী, রিমান্ডের মেয়াদ শেষ হওয়ায় তদন্তকারী কর্মকর্তা ডিবি তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ সালাউদ্দিন আসামি জি এম নজরুলকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আর্জি জানান। অপরপক্ষে আসামির পক্ষে আইনজীবী মাহবুবুল ইসলাম জামিনের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের যুক্তি পর্যালোচনা করে আদালত আসামির জামিন নাকচ করে তাঁকে জেলহাজতে পাঠানোর সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে সিআইডির ক্রাইম সিন টিমের উপস্থিতিতে ভেতরের তালাবদ্ধ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করা হয়। ওই সময় ঘর থেকে কিছু চিরকুট আলামত হিসেবে জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার পরদিন ২১ সেপ্টেম্বর নিহতের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে এমপি নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহতের মামা ওবায়দুর রহমানকে অভিযুক্ত করে থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। মামলা রুজুর রাতেই সংসদ সদস্য নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদাকে গ্রেপ্তার করে পুলিশ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন