ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে বার্তা দিতে 'বাহুবলী'র অ্যাকশন দৃশ্য ব্যবহার ইরানের

প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ণ
ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে বার্তা দিতে 'বাহুবলী'র অ্যাকশন দৃশ্য ব্যবহার ইরানের

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নানা কূটনৈতিক চাপ ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে একেবারে ভিন্ন ও অভূতপূর্ব এক মাধ্যম বেছে নিয়েছে ইরানের কূটনৈতিক মিশনগুলো। নিজেদের বার্তা বিশ্বমঞ্চে পৌঁছে দিতে তারা ব্যবহার করছে ভারতীয় ব্লকবাস্টার সিনেমার নানা অ্যাকশন দৃশ্যের ক্লিপ।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ানের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সম্প্রতি ভারতের হায়দারাবাদে অবস্থিত ইরানের কনস্যুলেট তাদের অফিশিয়াল হ্যান্ডেলে বিশ্বখ্যাত তেলুগু সিনেমা ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর একটি ক্লিপ শেয়ার করে।

পরিচালক এস. এস. রাজামৌলির এই সিনেমায় অভিনয়শিল্পী প্রভাসের একটি যুদ্ধের দৃশ্য তুলে ধরে ক্যাপশনে লেখা হয়— “জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্ট ড. পেজেশকিয়ান স্পষ্ট বলেছেন: 'আমরা কখনোই মাথা নত করব না বা হাঁটু গেড়ে বসব না'।” একটি গম্ভীর আন্তর্জাতিক রাজনৈতিক বার্তার সঙ্গে সাউথ ইন্ডিয়ান ব্লকবাস্টার সিনেমার যুদ্ধের দৃশ্যের এই সংমিশ্রণ দ্রুতই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।

অবশ্য তেলুগু সিনেমার অ্যাকশন দৃশ্য ব্যবহার করার ঘটনা ইরানের জন্য এটাই প্রথম নয়। এর আগে গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘে ইরানি নীতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিতে জিম্বাবুয়েতে অবস্থিত ইরান দূতাবাস নন্দমুরি বালাকৃষ্ণের ২০২৩ সালের হিট সিনেমা ‘ভাগবন্ত কেশরী’-র একটি ৫৮ সেকেন্ডের অ্যাকশন দৃশ্য শেয়ার করেছিল।

সেই ক্লিপে দেখা যায়, বালাকৃষ্ণের চরিত্রটি একাই একাধিক সশস্ত্র আক্রমণকারীকে পরাস্ত করছে। ভিডিওটি শেয়ার করে ইরানের বার্তায় বলা হয়েছিল, ইরান মোটেও ‘অসহায় নয়’। মজার বিষয় হলো, ওই পোস্টে রসিকতা করে দাবি করা হয় যে, মার্কিনীরা ইদানীং 'হলিউডের বদলে বলিউড' দেখছে। পরবর্তীতে ভারতীয় নেটিজেনরা পোস্টটিতে মনে করিয়ে দেন, এটি বলিউড নয় বরং তেলুগু সিনেমা (টলিউড)।

হায়দারাবাদের ইরানি মিশন পরে সেই আলোচনা লুফে নিয়ে তেলুগু চলচ্চিত্রের ভূয়সী প্রশংসা করে এবং তাদের সর্বকালের সেরা বলে আখ্যা দেয়। এবার তারই ধারাবাহিকতায় যোগ হলো ২০১৫ সালের মেগা-হিট ‘বাহুবলী’।

কূটনৈতিক মহলে সাধারণ কোনো আনুষ্ঠানিক বিবৃতির চেয়ে এ ধরনের পপ-কালচারভিত্তিক প্রকাশভঙ্গি অনেক বেশি নজর কাড়ছে। বিশেষ করে বালাকৃষ্ণের অতি-নাটকীয় দৃশ্যের পর প্রভাসের ‘বাহুবলী’র মহাকাব্যিক লড়াইকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করা আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন এবং অপ্রত্যাশিত মাত্রা যোগ করেছে।

মন্তব্য করুন