বাঘাইছড়িতে মন্ত্রীর পদত্যাগের বিরুদ্ধে বিক্ষোভ
মো: ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগকে কেন্দ্র করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১ জুন) তাঁর পদত্যাগের খবর প্রকাশের পর সমর্থক ও নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।
জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে অ্যাডভোকেট দীপেন দেওয়ান প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন, যার কারণে তাঁর পক্ষে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার স্বার্থে তিনি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে আজ সোমবার প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
গেজেট প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বাঘাইছড়িসহ বিভিন্ন এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরই ধারাবাহিকতায় বাঘাইছড়ি উপজেলা সদরে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধ সমর্থকেরা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগের সিদ্ধান্তে তারা গভীরভাবে হতাশ। পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, শান্তি ও জনস্বার্থে তাঁর নেতৃত্ব প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রীর কাছে এই পদত্যাগপত্র পুনর্বিবেচনা এবং তাঁকে মন্ত্রীর পদে বহাল রাখার জোর দাবি জানান তাঁরা। এই বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এআইএল/সকালবেলা