ভারতকে ধর্মীয় বিদ্বেষ বন্ধের আহ্বান জামায়াত আমিরের

রাকিবুল হাসান
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:২৩ অপরাহ্ণ
ভারতকে ধর্মীয় বিদ্বেষ বন্ধের আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে টার্গেট করে কারও ক্ষতি না করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৯ মে ২০২৬) দুপুরে জাপান সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, "ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ, তাই সেখানে সব ধর্মের মানুষের ধর্মীয় ও নাগরিক অধিকার ভোগ করার পূর্ণ এখতিয়ার আছে। আমরা এই বিষয়গুলো পর্যবেক্ষণ করছি এবং প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যা করণীয় তা করব। দুনিয়ার যেকোনো জায়গায় যদি কোনো নিরীহ মানবগোষ্ঠীর ওপর জুলুম করা হয়, আমরা তার বিপক্ষে।" তিনি আরও যোগ করেন যে, প্রতিবেশীকে সম্মান করলেও বাংলাদেশ কোনো অপমান সহ্য করবে না।

জাপান থেকে ফেরার পথে থাইল্যান্ডে চিকিৎসাধীন ৬৪ জন ‘জুলাই যোদ্ধা’কে দেখতে গিয়েছিলেন জামায়াত আমির। তাঁদের করুণ অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, "আহতদের সুচিকিৎসা এবং তাঁদের পরিবারের জন্য সাইকোথেরাপির ব্যবস্থা করতে হবে। যাঁদের দেশে চিকিৎসা সম্ভব নয়, বিশেষ করে গুরুতর নার্ভ ইনজুরির রোগীদের দ্রুত সিঙ্গাপুরে পাঠাতে হবে।"

তিনি আরও জানান, প্রবাসীদের সঙ্গে আলোচনায় গণভোটের রায় এবং ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের দাবি জোরালো হয়েছে। কোনো ধরনের ‘শুভঙ্করের ফাঁকি’ জনগণ মেনে নেবে না বলে তিনি সতর্ক করেন।

সফরকালে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। বাংলাদেশে দক্ষ জনশক্তি তৈরি, বিনিয়োগ বৃদ্ধি এবং একটি আধুনিক ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল স্থাপনের প্রস্তাব তিনি জাপানি প্রতিনিধিদের কাছে তুলে ধরেছেন। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানান তিনি।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সবখানে দলীয়করণ বাদ দিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে ‘ফেসবুক যুদ্ধ’ না করে বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তিনি নিজে পাইকারি ও খুচরা বাজার পরিদর্শন করবেন বলে ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন