ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ইসলামী আন্দোলন বাংলাদেশের জাকির হোসেন পাটোয়ারী ও মাওলানা খালেদ সাইফুল্লাহসহ মোট ২১ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় এসব প্রার্থী তাদের জামানত হারাচ্ছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের স্বাক্ষরিত ভোটের ফলাফলপত্র যাচাই করে এই তথ্য পাওয়া গেছে। জামানত হারানো প্রার্থীদের তালিকায় জেএসডির তানিয়া রব এবং জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদের মতো পরিচিত নামও রয়েছে।
ফলাফল বিবরণী থেকে জানা যায়, লক্ষ্মীপুর-১ আসনে ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি জাকির হোসেন পাটোয়ারী ১১ হাজার ১৫৬ ভোট পেলেও জামানত রক্ষায় প্রয়োজনীয় প্রায় ২০ হাজার ৩৭০ ভোট পাননি। লক্ষ্মীপুর-৪ আসনে হাতপাখার প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ ২১ হাজার ১০৩ ভোট পেলেও জামানত রক্ষার ন্যূনতম সীমা ৩০ হাজার ১২০ ভোট স্পর্শ করতে ব্যর্থ হয়েছেন। একই আসনে জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব ২২ হাজার ৪০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এছাড়া লক্ষ্মীপুর-২ ও লক্ষ্মীপুর-৩ আসনেও ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদসহ অন্যান্য দলের প্রার্থীরা প্রয়োজনীয় ভোট পেতে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের অন্তত ১২.৫ শতাংশ বা আট ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত সরকারি কোষাগারে জমা হয়। লক্ষ্মীপুরের ৪টি আসনে গড় ভোট পড়ার হার ছিল প্রায় ৬০ শতাংশ। বিজয়ী প্রার্থীদের প্রাপ্ত বিপুল ভোটের বিপরীতে অন্য প্রার্থীরা নূন্যতম জনসমর্থন প্রমাণের কোটা পূর্ণ করতে না পারায় এই আইনি প্রক্রিয়ার মুখে পড়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই চূড়ান্ত ফলাফল এবং জামানত বাজেয়াপ্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ