এমপি হওয়া সর্বকনিষ্ঠ নারী কে এই পুতুল

এমপি হওয়া সর্বকনিষ্ঠ নারী কে এই পুতুল

নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে প্রথম নারী ও সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগে একমাত্র বিজয়ী নারী প্রার্থী হওয়ার গৌরবও অর্জন করেছেন ৪১ বছর বয়সী এই নেত্রী। দীর্ঘ ১৮ বছর পর বাবার হারানো আসনটি ধানের শীষের প্রতীকে পুনরুদ্ধারের মধ্য দিয়ে তিনি নতুন এক রাজনৈতিক অধ্যায় সূচনা করলেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নাটোরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ব্যারিস্টার পুতুল ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী আবুল কালাম আজাদ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৯ হাজার ৪৩১ ভোট।

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিএনপি সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের সুযোগ্য কন্যা। তার বাবা ফজলুর রহমান পটল ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত এই আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনে আসনটি বিএনপির হাতছাড়া হয় এবং পরবর্তী প্রায় দুই দশকে নানা রাজনৈতিক সমীকরণে সেখানে আর ধানের শীষের বিজয় আসেনি। বাবার মৃত্যুর পর রাজপথের লড়াই সংগ্রাম শেষে এই নির্বাচনে অবতীর্ণ হয়ে সফল হলেন পুতুল। দীর্ঘ ১৮ বছর পর নিজের এলাকায় বিএনপির জনপ্রতিনিধি ফিরে আসায় নেতাকর্মীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, ‘‘মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই বিজয় লালপুর-বাগাতিপাড়ার সর্বস্তরের মানুষের। তারা আমার বাবার প্রতি ভালোবাসা এবং ধানের শীষের প্রতি আস্থা রেখে আমাকে নির্বাচিত করেছেন।’’ তিনি আরও জানান, নির্বাচনী মাঠে যারা জেল-জুলুম উপেক্ষা করে অক্লান্ত পরিশ্রম করেছেন, এই বিজয় তাদের জন্য উৎসর্গ করা হলো। স্থানীয় উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় তিনি তার বাবার মতোই নিবেদিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন