কৃষক লীগ নেতাকে ছাড়াতে তদবির, জামায়াত-বিএনপির ৮ নেতা আটক
কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার এক আসামিকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার তদবির করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন জামায়াত ও বিএনপির ৮ নেতাকর্মী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে মিরপুর থানায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের মধ্যে চিথলিয়া ৪নং ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলাম এবং স্থানীয় বিএনপি নেতা মেহেরুল ইসলামসহ দুই দলের সমর্থকরা রয়েছেন।
মিরপুর থানা পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি ও স্থানীয় ওয়ার্ড কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে গ্রেফতার করা হয়। আটকের খবর পেয়ে রাত ২টার দিকে জামায়াত নেতা সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল নেতাকর্মী থানায় গিয়ে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ প্রয়োগ ও সুপারিশ করতে থাকেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, আইনগত কাজে বাধা না দিতে এবং বারণ করার পরও তারা জোরপূর্বক আসামিকে ছেড়ে দেওয়ার কথা বলতে থাকেন। একপর্যায়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মুচলেকা নিয়ে উভয় দলের দায়িত্বশীল নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
এআইএল/সকালবেলা