বীরগঞ্জে ইসলামী আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত
সাইফুল্লাহ সাইফ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: “ভারসাম্যপূর্ণ অর্থনীতি, কল্যাণমুখী রাজনীতি ও শরীয়াহ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের থানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বীরগঞ্জ-ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন তাজমহল মোড়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মাসউদুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা সোহরাব হোসাইন। প্রধান বক্তা ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মুফতি খাইরুজ্জামান। এছাড়া জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রচলিত রাজনীতির ওপর মানুষ আস্থা হারিয়েছে। শোষণ ও বৈষম্য দূর করে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামের বিকল্প নেই। শুধু নেতা পরিবর্তন নয়, নীতির পরিবর্তনই দেশকে কল্যাণের পথে নিয়ে যেতে পারে।
সম্মেলন শেষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পুনরায় হাফেজ মাওলানা সিরাজুল ইসলামকে সভাপতি এবং মাওলানা মাসউদুর রহমানকে সাধারণ সম্পাদক করে বীরগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
এআইএল/সকালবেলা