ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন শফিকুর রহমান। তিনি বলেন, দল শুরু থেকেই একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই অবস্থানে এখনও অটল।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।

তিনি লেখেন, গত কয়েক মাসে অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থক অক্লান্ত পরিশ্রম করেছেন। কেউ কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন—তাদের সাহসিকতা গণতন্ত্রকে শক্তিশালী করেছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ফলাফলে হতাশা থাকতে পারে; তবে ৭৭টি আসন পেয়ে সংসদে দলের উপস্থিতি প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছে জামায়াত।

রাজনীতির ভাগ্য পরিবর্তনশীল উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ পথ। জনগণের রায় গ্রহণের মধ্যেই নেতৃত্বের প্রকৃত পরীক্ষা। ন্যায়নিষ্ঠ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে নীতিবান ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে সংসদে গঠনমূলক ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন