‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের ঘোষণা বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের

‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের ঘোষণা বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের

নিজস্ব প্রতিবেদক: গণতান্ত্রিক ব্যবস্থায় জবাবদিহিতা ও স্বচ্ছতা সমুন্নত রাখতে ‘ছায়া মন্ত্রিসভা’ (Shadow Cabinet) গঠনের ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, এই ছায়া মন্ত্রিসভা সরকারের জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি সিদ্ধান্ত কঠোরভাবে পর্যালোচনা করবে এবং প্রয়োজনে দায়িত্বশীলতার সাথে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। তিনি উল্লেখ করেন, গণতন্ত্র কেবল একটি নির্বাচনের বিষয় নয়, বরং এটি একটি দীর্ঘ যাত্রা। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী জনগণের স্বার্থ রক্ষায় সরকারের সাথে যেমন গঠনমূলক সহযোগিতা করবে, তেমনি প্রয়োজনে দৃঢ়ভাবে কথা বলবে।

বিরোধীদলীয় নেতা তাঁর বক্তব্যে জুলাই বিপ্লবের বীরত্বগাথা স্মরণ করেন। তিনি বলেন, তরুণ প্রজন্মের সাহস ও ত্যাগ বাংলাদেশের জাতীয় কাঠামোকে নতুন রূপ দিয়েছে। তাদের কাঙ্ক্ষিত ন্যায়ভিত্তিক ও মুক্ত সমাজ বিনির্মাণ না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ প্রসঙ্গে তিনি জানান, জনগণের সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই তাঁরা সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে ‘জুলাই সনদের’ অঙ্গীকার অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানানোয় তিনি গভীর দুঃখ ও হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, “জনগণ কথার সঙ্গে কাজের সামঞ্জস্য এবং প্রতিশ্রুতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে চায়।”

বাংলাদেশ সম্পর্কে নিজের ভিশন তুলে ধরে জামায়াতের আমির বলেন, জাতি-ধর্ম নির্বিশেষে আইনের চোখে সবাই সমান মর্যাদা পাবে এবং জাতীয় অগ্রগতির কেন্দ্রে থাকবে নারীদের অবস্থান। একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়তে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া আন্তর্জাতিক ও আঞ্চলিক মিত্রদের সাথে শান্তি ও সহযোগিতার সম্পর্ক বজায় রাখার বিষয়েও তিনি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন