ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সিলেট ব্যুরো: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের ১৮টিতেই নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই ঐতিহাসিক ও ভূমিধস বিজয়ের পর এখন সবার নজর তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভার দিকে। সিলেট বিভাগ থেকে বিএনপির এই একক আধিপত্যের পুরস্কার হিসেবে একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন বলে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। দলীয় উচ্চপর্যায়ের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সিলেটের অন্তত তিন থেকে চারজন নেতা তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন।
তারেক রহমানের সম্ভাব্য মন্ত্রিসভায় সিলেটের যারা সবচেয়ে বেশি আলোচনায় আছেন, তারা হলেন—সিলেট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদির, হবিগঞ্জ-১ আসনের ড. রেজা কিবরিয়া এবং তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম-মহাসচিব ড. হুমায়ুন কবির। সূত্র মতে, ড. রেজা কিবরিয়াকে তার অর্থনৈতিক দক্ষতার কারণে দেশের নতুন অর্থমন্ত্রী হিসেবে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, মর্যাদাপূর্ণ সিলেট-১ আসন থেকে ১ লাখ ৭৫ হাজার ৯৩৬ ভোট পেয়ে নির্বাচিত হওয়া খন্দকার আবদুল মুক্তাদিরকেও মন্ত্রিসভার কোনো গুরুত্বপূর্ণ দপ্তরে রাখা হতে পারে। ঐতিহ্যগতভাবে এই আসন থেকে নির্বাচিতরা অতীতে সরকারের প্রভাবশালী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও আলোচনায় রয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. হুমায়ুন কবির। তিনি টেকনোক্র্যাট কোটায় বা অন্য কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে। পাশাপাশি সিলেট-৪ আসন থেকে নির্বাচিত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নামও আলোচনায় আছে। তবে একই জেলা থেকে একাধিক মন্ত্রী নেওয়ার ক্ষেত্রে দলীয় সমীকরণের কারণে তার সম্ভাবনা নিয়ে নানা বিশ্লেষণ চলছে। হবিগঞ্জের ডা. সাখাওয়াত হাসান জীবন, সুনামগঞ্জের কলিমউদ্দিন মিলন এবং মৌলভীবাজারের এম. নাসের রহমানের নামও জল্পনা-কল্পনায় রয়েছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৮টিতেই ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। কেবল সিলেট-৫ আসনে জোটের শরিক খেলাফত মজলিসের প্রার্থী বিজয়ী হয়েছেন। বিভাগের সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সবকটি আসনে বিএনপি জয়লাভ করে একক আধিপত্য প্রতিষ্ঠা করেছে। দীর্ঘ দুই দশক পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ফিরতে যাওয়া বিএনপির এই নতুন মন্ত্রিসভা কে কে থাকছেন, তা দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিলেটবাসী।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ