ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ ও ঐতিহাসিক বিজয়ের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও হবু প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর গ্র্যান্ড বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর এটিই হবে তার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।
দলীয় সূত্র জানিয়েছে, এই সংবাদ সম্মেলনে তারেক রহমান দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের সামনে নির্বাচন-পরবর্তী সার্বিক পরিস্থিতি, ঐতিহাসিক গণরায়ের তাৎপর্য এবং আগামীর রাষ্ট্র পরিচালনার রূপরেখা তুলে ধরবেন। পাশাপাশি ভোটগ্রহণ প্রক্রিয়া, ফলাফল এবং গণতান্ত্রিক সংস্কার নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করা হবে। বিশেষ করে ‘জুলাই চার্টার’ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের প্রশ্নে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে। নির্বাচন পরিচালনা কমিটির নেতারা জানান, বিজয় পরবর্তী কোনো উৎসব বা বিজয় মিছিল না করার যে সিদ্ধান্ত দল নিয়েছে, তার প্রেক্ষাপট এবং শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার অঙ্গীকারও এই সম্মেলন থেকে আসতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রায় দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে যাওয়া বিএনপির এই সংবাদ সম্মেলনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন এবং দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা পুনরুদ্ধার নিয়ে তারেক রহমান কী বার্তা দেন, সেদিকে নজর রয়েছে সবার। ইতোমধ্যে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও এর আশেপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে শীর্ষস্থানীয় বিএনপি নেতা, কূটনৈতিক কোরের প্রতিনিধি এবং দেশি-বিদেশি অসংখ্য সংবাদকর্মী উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।
এন.ডি/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ