ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভাবনীয় সাফল্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিশেষ অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) পাঠানো এক বার্তায় তিনি এনসিপির এই লড়াকু অংশগ্রহণকে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি ‘তাৎপর্যপূর্ণ অধ্যায়’ হিসেবে অভিহিত করেছেন।
প্রধান উপদেষ্টা তাঁর বার্তায় উল্লেখ করেন, এই সাফল্য কেবল জয়-পরাজয়ের সংখ্যার বিচারে নয়, বরং এটি বাংলাদেশের তরুণ প্রজন্মের আত্মপ্রত্যয় ও স্বপ্নের এক বলিষ্ঠ প্রতিফলন। প্রফেসর ইউনূস বলেন, মাত্র এক বছর আগে চব্বিশের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেওয়া একটি নবীন দল হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সাহসের পরিচয়। এর মধ্যে ৬টি আসনে সরাসরি জয়লাভ এবং বেশ কয়েকটি আসনে হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা এক অসাধারণ রাজনৈতিক অর্জন।
চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন, “সেই উত্তাল দিনগুলোতে নাহিদ ইসলামের সাহসিকতা ও অদম্য মনোবল আন্দোলনকে সুশৃঙ্খল ও লক্ষ্যাভিমুখী করে তুলেছিল। নাহিদ ইসলাম ও তাঁর সহযোদ্ধাদের আত্মত্যাগ জাতির হৃদয়ে চিরকাল অম্লান থাকবে।”
ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে ড. ইউনূস বলেন, উপদেষ্টা পরিষদে নাহিদ ইসলামকে সহকর্মী হিসেবে পাওয়া তাঁর জন্য এক মূল্যবান অভিজ্ঞতা ছিল। সেই সময়ে নাহিদের কর্মদক্ষতা, নীতিগত দৃঢ়তা এবং প্রশাসনিক বিষয়ের প্রতি গভীর মনোযোগ তাঁকে মুগ্ধ করেছে।
প্রফেসর ইউনূস আরও বলেন, গণতন্ত্র তখনই প্রকৃত অর্থে বিকশিত হয় যখন রাজনীতিতে নতুন কণ্ঠস্বর উঠে আসে। এনসিপির এই স্বল্প সময়ের সাফল্য প্রমাণ করেছে যে বাংলাদেশের জনগণ পুরাতন ধারার বাইরে গিয়ে তরুণদের ওপর আস্থা রাখতে প্রস্তুত। এখন সংসদে গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে এই আস্থার মর্যাদা রাখাই হবে নবীন এই দলের প্রধান দায়িত্ব।
প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যের শেষে নাহিদ ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রত্যাশা করেন যে, সংগ্রামের রাজপথ থেকে রাজনীতির মূলধারায় এই রূপান্তর যেন দলের মূল আদর্শ ও মূল্যবোধকে অক্ষুণ্ণ রাখে।
এন.ডি/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ