জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ
জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি: ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। নিজের প্রাপ্ত সরকারি বেতন-ভাতার অর্থ থেকে চারটি শহীদ পরিবারকে নিয়মিত মাসহারা দেওয়ার পাশাপাশি দুটি পরিবারের দুই সদস্যকে সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন তিনি।

জানা গেছে, প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকেই নিজ অর্থায়নে জেলার চারটি জুলাই শহীদ পরিবারকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে আসছেন। একই সঙ্গে স্থায়ী আয়ের সুযোগ তৈরিতে বাকি দুটি পরিবারের সদস্যদের উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের 'অফিস সহায়ক' পদে নিয়োগের বিশেষ সুযোগ করে দেন।

উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক পদে নিয়োগের সরকারি বিধানকে কাজে লাগিয়ে প্রতিমন্ত্রী জুলাই শহীদ পরিবারের স্বজনদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ প্রদান করেছিলেন। তাঁরই সুপারিশের ভিত্তিতে বোদা ও দেবীগঞ্জ—এই দুই উপজেলায় দুই শহীদ পরিবারের সদস্যকে ইতোমধ্যে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ইতোমধ্যেই বোদা উপজেলা পরিষদের কার্যালয়ে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক হিসেবে যোগ দিয়েছেন বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোন। অন্যদিকে দেবীগঞ্জ উপজেলা পরিষদের কার্যালয়ে একই পদে দায়িত্ব গ্রহণ করেছেন মারেয়া ইউনিয়নের জুলাই শহীদ আবু সাইদের ছেলে মামুন ইসলাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীৎ শাহ জানান, প্রতিমন্ত্রীর সরাসরি নির্দেশ ও সুপারিশক্রমে শহীদ আবু সাইদের ছেলে মামুন ইসলামকে স্থায়ী ভিত্তিতে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই তথ্য নিশ্চিত করে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, "মাননীয় প্রতিমন্ত্রীর সুপারিশে শহীদ সুমনের বোনকে কার্যালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে। শহীদ পরিবারের ত্যাগের প্রতি সম্মান জানানো এবং তাঁদের জন্য এমন বিকল্প কর্মসংস্থান তৈরি করা সত্যিই একটি প্রশংসনীয় প্রয়াস।"

এ বিষয়ে অনুভূতি ব্যক্ত করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, "আমরা যেভাবে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করি, ঠিক তেমনি ২০২৪ সালের রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক চেতনাকেও সমানভাবে ধারণ করি। সেই নৈতিক দায়বদ্ধতা থেকেই শপথ গ্রহণের পর নিজের বেতন থেকে প্রতি মাসে চারটি শহীদ পরিবারকে পাঁচ হাজার টাকা করে নিয়মিত সহায়তা দিচ্ছি। পাশাপাশি বাকি দুটি পরিবারের দুই সদস্যকে চাকরির ব্যবস্থা করার নির্দেশনা বাস্তবায়িত হয়েছে। দেশের জন্য আত্মত্যাগকারী শহীদদের স্বজনদের পাশে থাকা আমাদের সকলের পবিত্র দায়িত্ব।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন