ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ: সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ণ
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন প্রতিবেদক: ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় শীর্ষক এক উচ্চপর্যায়ের সভায় তিনি এই নির্দেশনা দেন।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবন শনাক্তকরণ, ভবন নির্মাণে বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনার সক্ষমতা বহুগুণ বাড়ানোর তাগিদ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ভূমিকম্পের মতো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজউক, ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার মধ্যে কার্যকর ও নিবিড় সমন্বয় অত্যন্ত জরুরি।

এ সময় তিনি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ জনবহুল স্থাপনার নিরাপত্তা জোরদার, আধুনিক উদ্ধার সরঞ্জামের পর্যাপ্ততা নিশ্চিতকরণ, উদ্ধারকর্মীদের পেশাগত প্রশিক্ষণ এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপকহারে ভূমিকম্পবিষয়ক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজুসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা