ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আসন্ন পবিত্র ঈদুল ফিতরের পর থেকে বছরজুড়ে পর্যায়ক্রমে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আবদুর রহমানেল মাছউদ। রোববার (১ মার্চ) রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর বার্ষিক সাধারণ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ তথ্য জানান।
ভারপ্রাপ্ত সিইসি বলেন, “নির্বাচন কমিশনের আসলে কোনো অবসর নেই। জাতীয় সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও আমাদের অসংখ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঈদের পর থেকেই স্থানীয় নির্বাচনের পূর্ণাঙ্গ প্রস্তুতি শুরু হবে এবং সারা বছর ধরে এই নির্বাচনী প্রক্রিয়া চলবে।”
নির্বাচনী প্রতীকের বিষয়ে তিনি বলেন, “আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে নাকি নির্দলীয়ভাবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমরা জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিকে তাকিয়ে আছি। সংসদীয় সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করবে। আইন অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন সর্বদা প্রস্তুত।”
সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনের একটি বড় অংশ হলো গণমাধ্যমকর্মী। কমিশন যদি সাংবিধানিকভাবে কোনো ভুল করে, তবে সাংবাদিকরাই তা গঠনমূলক সমালোচনার মাধ্যমে ধরিয়ে দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সবাই ইতিবাচক মন্তব্য করেছেন, তবে ভালোর কোনো শেষ নেই। আমরা ভবিষ্যতে আরও উন্নত ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই।”
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ