চার খাতে বাংলাদেশি দক্ষ কর্মী নিতে আগ্রহী কাতার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাবিং—এই চারটি নির্দিষ্ট খাতে দক্ষ কর্মী নিতে গভীর আগ্রহ প্রকাশ করেছে কাতার। অন্যদিকে, কর্মীদের ভোগান্তি কমাতে বাংলাদেশে কাতারের আরও কয়েকটি নতুন ভিসা সেন্টার অনুমোদন দেওয়ার জন্য দোহার প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে ঢাকা।
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফররত কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রী সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, "কাতার মূলত অদক্ষ শ্রমিকের পরিবর্তে দক্ষ কর্মী নেওয়ার ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। আমরাও তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি। বাংলাদেশ এখন থেকে এই চার খাতে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মী তৈরি করে কাতারে পাঠাবে।"
বৈঠকে উপস্থিত প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানান, কাতারে মাঝখান দিয়ে বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জিন যাওয়া কমে গিয়েছিল। আজকের বৈঠকে সেই সংখ্যাটি পুনরায় বাড়ানোর অনুরোধ করা হলে কাতারের শ্রমমন্ত্রী তাতে রাজি হয়েছেন।
ভিসা সেন্টার বাড়ানোর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে কাতারের মাত্র একটি ভিসা সেন্টার থাকায় কর্মীদের দুই থেকে চারবার ঢাকায় এসে চরম ভোগান্তি পোহাতে হয়। আমরা সেন্টার বাড়ানোর অনুরোধ করলে তারা আশ্বস্ত করেছেন। এই বিষয়ে দুই দেশের যৌথ ওয়ার্ক গ্রুপের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। একই সঙ্গে ভিসা প্রসেসিং কোম্পানিগুলো যেন কর্মীদের হয়রানি না করতে পারে, সেই হুঁশিয়ারিও দেন মন্ত্রী।
|