প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুতি-মিছিলে মুখর বরিশাল

প্রকাশ: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুতি-মিছিলে মুখর বরিশাল

সাঈদ পান্থ, বরিশাল: সরকারপ্রধান হিসেবে প্রথমবার দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই আগমনকে ঘিরে স্থানীয় প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। ইতিমধ্যে সফরের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নগরজুড়ে চলছে স্বাগত মিছিল।

আজ রোববার সকাল থেকেই বরিশাল নগরীর দলীয় কার্যালয় থেকে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিশাল স্বাগত মিছিল বের করা হয়। পরবর্তীতে সদর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা জানান।

দলীয় সূত্র জানায়, এটি কোনো সাধারণ জনসভাকেন্দ্রিক সফর না হলেও দীর্ঘদিন পর দলীয় প্রধান তথা সরকারপ্রধানের বরিশাল সফরকে ঘিরে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে বরিশালের গৌরনদীর বাটাজোরে একটি কেন্দ্রীয় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর তিনি সড়কপথে বরিশাল নগরীতে প্রবেশ করে বধ্যভূমি স্মৃতিসৌধ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করবেন। পরবর্তীতে সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি শেষে বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির বিশেষ সাংগঠনিক সভায় যোগ দেবেন। সভা শেষে তাঁর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে রয়েছে নানা প্রত্যাশা। স্থানীয় এক শীর্ষ নেতাকর্মী জানান, “সরকারপ্রধান হিসেবে প্রথমবার বরিশালে আসছেন আমাদের নেতা। তাঁকে স্বাগত জানাতে পুরো দক্ষিণাঞ্চল আজ প্রস্তুত।” অন্য এক কর্মী আশাবাদ ব্যক্ত করে বলেন, “বরিশালের তথা সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের উন্নয়ন ও প্রত্যাশাগুলো আমরা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব। এই সফর অঞ্চলের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বর্তমানে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পুরো বরিশাল নগরী ও এর প্রবেশপথগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। প্রশাসনের নিরাপত্তা বেষ্টনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুনে সেজে উঠেছে পুরো রাজপথ। এখন কেবলই সরকারপ্রধানকে বরণ করে নেওয়ার চূড়ান্ত অপেক্ষা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন