পানিবন্দিদের উদ্ধারে দেশবাসীর প্রতি আহ্বান হেফাজতে ইসলামের
স্টাফ রিপোর্টার: টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় প্লাবিত চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের বানভাসি মানুষের পাশে দাঁড়াতে দেশের আলেম-ওলামা, সর্বস্তরের জনতা ও দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে বন্যাকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রমে সরকারকে আরও সক্রিয় হওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ রবিবার (১২ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এই আহ্বান জানান।
বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, “অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে এক মানবিক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। লাখ লাখ মানুষ এখন পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। ইতিমধ্যে পাহাড়ধসে বেশ কিছু প্রাণহানি ঘটেছে এবং অগণিত পরিবার ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে। এই চরম সংকটে পর্যাপ্ত শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানো আমাদের ইমানি ও মানবিক দায়িত্ব।”
জরুরি লজিস্টিক সাপোর্ট দিয়ে পানিবন্দি মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে এবং সরকারি সাহায্য সহযোগিতা আরও বেগবান করতে সরকারের প্রতি জোর দাবি জানান তাঁরা।
প্রাকৃতিক দুর্যোগকে মহান আল্লাহর পক্ষ থেকে এক ধরনের পরীক্ষা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের ভ্রাতৃত্ববোধ ও মানবিকতার পরিচয় দিতে হবে। আমরা যদি একে অপরের বিপদে এগিয়ে আসি, তবে আল্লাহর রহমতও নাজিল হবে। পাশাপাশি, যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ, আল্লাহর অসন্তুষ্টি ও ক্রোধ থেকে পরিত্রাণ পেতে আমাদের বেশি বেশি ইস্তেগফার ও খাঁটি তওবা করতে হবে।”
এআইএল/সকালবেলা
|