নুরুল ইসলাম নাহিদকে জেলখানায় রাখার আবেদন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ণ
নুরুল ইসলাম নাহিদকে জেলখানায় রাখার আবেদন

সকালবেলা ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাদরাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে অবহিত করেছেন, অধিকতর তদন্তের প্রয়োজনে পরবর্তীতে তাঁর রিমান্ডের আবেদন করা হতে পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই আবেদন দাখিল করেন উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মোড়ল। আজই এ বিষয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার নিজ বাসভবন থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলার ঘটনা এবং পলাতক অপর আসামিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে দাবি করেছেন তদন্তকারীরা। প্রাপ্ত তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশের আবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক জোগান দেওয়া এবং সরাসরি অংশ নেওয়ার অভিযোগ রয়েছে নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে। এ ছাড়া সহিংসতা ও অপরাধ সংঘটনে তিনি নিজস্ব কর্মীবাহিনী নিয়োজিত করেছিলেন—এমন তথ্য-প্রমাণ পাওয়ার কথাও আবেদনে তুলে ধরা হয়েছে। তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের লক্ষ্যে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন মাদরাসাছাত্র সাদিকুল ইসলাম। ওই দিন বিকেল ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান।

এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে ২০০ থেকে ৩০০ জন সশস্ত্র ব্যক্তি আন্দোলনকারীদের ধাওয়া করেন এবং এলোপাতাড়ি মারধর ও গুলিবর্ষণ করেন। এতে সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই তাঁর মৃত্যু হয়।

এই হত্যাকাণ্ডের ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন।

এআইএল/সকালবেলা