ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ণ
ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্য ও চিকিৎসা প্রতিবেদক: দেশে জন্মগতভাবে ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের শারীরিক সুস্থতা এবং সামাজিক পুনর্বাসনে জাতীয় পর্যায়ে বিশেষ কর্মসূচি গ্রহণ ও পরিচালনা করার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

গতকাল বুধবার (২২ জুলাই) রাতে রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত ‘ঢাকায় স্মাইল এশিয়ার ৮ম আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ মেডিকেল মিশন উপলক্ষে গালা ডিনার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সরকারি কর্মচারী হাসপাতালের সার্বিক সমন্বয়ে স্মাইল এশিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়, ঢাকা ব্যাংক এবং সাজেদা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘নতুন হাসির অঙ্গীকারে’ শীর্ষক চিকিৎসা কর্মসূচি উদযাপনে উক্ত সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সফল এই মানবহিতৈষী উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ঠোঁট ও তালুকাটা ৬৯ জন শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক অস্ত্রোপচার ও সেবা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আবেগপ্লুত কণ্ঠে বলেন, "জন্মগতভাবে ঠোঁটকাটা কিংবা তালুকাটা সমস্যা নিয়ে জন্মানো নিচ্ছল শিশুদের অসহায়ত্ব, যন্ত্রণা ও পারিবারিক কষ্ট দেখে যে কারও হৃদয় কেঁদে উঠতে বাধ্য। তবে আমাদের অত্যন্ত অভিজ্ঞ দেশি-বিদেশি সার্জন, অভিজ্ঞ অ্যানেসথেসিওলজিস্ট ও দক্ষ নার্সদের সমন্বয়ে গঠিত চমৎকার দলটি এই অসহায় শিশুদের মুখে আবার অনাবিল হাসি ফুটিয়ে তুলেছে। সরকারি কর্মচারী হাসপাতালের সর্বাত্মক সহযোগিতায় বিদেশি বিশেষজ্ঞ দল সফলতার সাথে সকল শিশুর অস্ত্রোপচার সম্পন্ন করেছে।"

স্মাইল এশিয়া ও সাজেদা ফাউন্ডেশনের প্রশংসনীয় কাজের স্বীকৃতি দিয়ে মন্ত্রী তাঁদের পুনরায় এই ধরনের দাতব্য চিকিৎসা কর্মসূচি হাতে নেওয়ার জোর আহ্বান জানান। তিনি আশ্বস্ত করে বলেন, আন্তর্জাতিক এই দল পরবর্তীতে বাংলাদেশে এলে সরকার তাদের উদ্যোগকে পূর্ণাঙ্গভাবে একটি ‘জাতীয় কর্মসূচি’তে রূপান্তরিত করবে, যাতে কোনো শিশু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় এবং আরও বৃহৎ পরিসরে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের সেবা নিশ্চিত করা যায়।

অনুষ্ঠানে অন্যান্য সম্মানীয় অতিথির মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওসমান এরশাদ ফয়েজ, সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহেদা ফিজ্জা কবির, আন্তর্জাতিক সংস্থা স্মাইল এশিয়ার মহাসচিব অভিমন্যু তালুকদার এবং ঢাকার সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আ. রাজ্জাক সরকারসহ উচ্চপদস্থ কর্মকর্তা ও চিকিৎসকমণ্ডলী।

মন্তব্য করুন