সংসদে আওয়ামী লীগের বিচার চাইলেন নাহিদ
সংসদ রিপোর্টার: দল হিসেবে আওয়ামী লীগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার দাবি করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যে দল ইতিহাসে দুই দুইবার সুযোগ পেয়ে এ দেশে গণহত্যা চালিয়েছে, গণতন্ত্রকে হত্যা করেছে এবং সব প্রতিষ্ঠান ধ্বংস করে লুটপাট করেছে—দল হিসেবে সেই আওয়ামী লীগের বিচার করতে হবে। একই সাথে জুলাই গণঅভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবি জানান তিনি।
আজ মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ প্রসঙ্গে ৬৮ বিধির বিশেষ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন এই প্রস্তাবটি সংসদে তোলেন।
নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ভারতীয় মিডিয়া জুলাই গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল। আজ দুঃখ লাগে যখন জুলাই গণঅভ্যুত্থানে আমাদের অন্যতম শরিক সরকারদলীয় কিছু কিছু সদস্য গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলেন। তাঁরা এটি ডিজাইন ছিল নাকি ষড়যন্ত্র ছিল—এমন প্রশ্ন তোলেন। এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, উনারা জানেন না কীভাবে আন্দোলন হয়েছিল আর কারা কখন শহীদ হয়েছেন।
সরকারদলীয় এক এমপির টকশোতে দেওয়া বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের সাথে পুলিশি হত্যাকাণ্ডের তুলনা করা হচ্ছে, যা মূলত আওয়ামী লীগেরই বয়ান। টকশোতে দাঁড়িয়ে পুলিশের মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে বলে দাবি করা হচ্ছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, উনাকে কেন সরানো হলো তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা আমরা পাইনি। তবে আমরা আশা করি, মামলার কাজ যেন দ্রুত ও দক্ষতার সাথে এগোয়। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার গঠনের পর যে রায়গুলো এসেছে, সেগুলোর সব প্রসিডিউর আগের প্রসিকিউশন টিম সম্পন্ন করে গিয়েছিল। নতুন করে যে তিনটি মামলার অভিযোগ গঠন করা হয়েছে, সেগুলোর তদন্তও আগের টিমের করা। বর্তমান প্রসিকিউশন নতুন কোনো মামলার তদন্ত প্রক্রিয়া কতটুকু এগিয়েছে, তা আইনমন্ত্রী স্পষ্ট করলে আমরা খুশি হব।
৫ বছর মেয়াদি এই সরকারের উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখেন, প্রসিকিউশন টিমে দক্ষ আইনজীবী নিয়োগ এবং ট্রাইব্যুনাল বাড়ানোর বিষয়ে সরকারের পরিকল্পনা কী, তা জাতি জানতে চায়।
এর আগে আলোচনার সূত্রপাত করে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেন, জাতিসংঘের প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ আছে যে ২০২৪ সালের জুলাই মাসে আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে। অথচ এখনো পর্যন্ত শেখ হাসিনাসহ মূল অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা সম্ভব হয়নি। তিনি অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়ার জোর দাবি জানান। একই সাথে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানান।
এআইএল/সকালবেলা
|