মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি, ঘোষণা বুধবার
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (৯ আগস্ট) বিকেলে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির দুজন জ্যেষ্ঠ সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, আগামী বুধবার (১২ আগস্ট) দলীয়ভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দলীয় ও প্রশাসনিক প্রস্তুতি জোরদার করেছে বিএনপি। রোববার সকালে নির্বাচন কমিশন (ইসি) ভবন থেকে প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলটির দুই জ্যেষ্ঠ প্রতিনিধি— বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
উল্লেখ্য, এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য উপযুক্ত প্রার্থী মনোনয়নের সর্বময় রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দলীয় চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করা হয়েছিল।
জাতীয় সংসদে বর্তমানে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দল মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত। নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য করা রয়েছে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা।
তবে নির্বাচন সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী, যদি রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই একমাত্র বৈধ প্রার্থী হন, তবে সংসদীয় ভোটাভুটির প্রয়োজন পড়বে না। সে ক্ষেত্রে মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহারের আনুষ্ঠানিকতা শেষে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হবে।
|