চলতি বছরেই স্থানীয় সরকারের সব নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ণ
চলতি বছরেই স্থানীয় সরকারের সব নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: চলতি বছরের মধ্যেই সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ—এই পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (১৪ আগস্ট) মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, "পাঁচ স্তরের এই নির্বাচন আয়োজনের জন্য বাজেটে সাড়ে ৫ থেকে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বর্তমানে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি শেষে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও অর্থ বিভাগ বৈঠক করে নির্বাচনের চূড়ান্ত সময়সূচি ও ক্রম নির্ধারণ করবে। তবে আমাদের মূল লক্ষ্য চলতি অর্থবছরের মধ্যেই সবগুলো নির্বাচন সম্পন্ন করা।"

শ্রীমঙ্গল শহরের বর্জ্য সমস্যার স্থায়ী সমাধান প্রসঙ্গে মীর শাহে আলম জানান, লোকালয়ের বাইরে সরকারি জায়গায় একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করা হবে। সেখানে সংগৃহীত বর্জ্য থেকে জৈব সার ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। কারিগরি পরামর্শের জন্য আগামী ১৫ দিনের মধ্যে মন্ত্রণালয়ের একজন বিশেষজ্ঞকে শ্রীমঙ্গলে পাঠানো হবে।

পাশাপাশি সরকারি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ভবনে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানসহ স্থানীয় কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন