কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি, জেলাজুড়ে ‍উৎসবের আমেজ

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ণ
কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি, জেলাজুড়ে ‍উৎসবের আমেজ

নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামী রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী। তাঁর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাসহ সার্বিক আয়োজন সম্পন্ন করার পাশাপাশি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সড়কপথে কিশোরগঞ্জে পৌঁছাবেন। সকালে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে 'জাতীয় মৎস্য পক্ষ-২০২৬' উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করবেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এরপর তিনি কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন এবং আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের শ্রেষ্ঠ মৎস্য উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেবেন।

বিকেলে তিনি ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সফরের শেষ পর্যায়ে কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, সামাজিক অনুদান এবং ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলাজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমসহ স্থানীয় সংসদ সদস্যরা জানান, এ সফরের মাধ্যমে জেলার কৃষি, মৎস্য ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আসবে।

জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল জানান, এই সফরের মাধ্যমে প্রান্তিক মৎস্য চাষিদের উৎসাহিত করার পাশাপাশি অর্থনৈতিক স্বনির্ভরতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন