দলীয় প্রতীক ছাড়াই হবে স্থানীয় সরকার নির্বাচন: সিইসি
নিজস্ব প্রতিবেদক: আগামী স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও, এবার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। যেহেতু এবার দলীয় প্রতীকে নির্বাচন হবে না, তাই বর্তমান কমিশনের অধীনে আচরণবিধি ও পরিচালনা বিধি পরিবর্তনের কাজ চলছে।
আজ সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, এবার দলীয় প্রতীক ব্যবহার না হলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিতে শুরু করেছে, যা স্থানীয় পর্যায়ে নির্বাচনকে কিছুটা উত্তপ্ত করে তুলতে পারে। তবে নির্বাচন কমিশন দেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্থায়ী সংস্কৃতি চালু করতে বদ্ধপরিকর।
অতীতের স্থানীয় সরকার নির্বাচনে গ্রামাঞ্চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও সহিংসতার খতিয়ান টেনে সিইসি রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে রক্তপাতহীন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। তিনি স্পষ্ট করেন, আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল এবং গণমাধ্যমসহ সব পক্ষের সহযোগিতা ছাড়া শুধু কমিশনের পক্ষে এককভাবে নির্বাচন সফল করা সম্ভব নয়। এই লক্ষ্যে কমিশন থেকে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে।
নির্বাচন কমিশন সবসময় সততা ও স্বচ্ছতার নীতি বজায় রাখছে উল্লেখ করে সিইসি নাসির উদ্দিন বলেন, কোনো অদৃশ্য নকশা বা নির্দিষ্ট ডিজাইন ছাড়াই একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই তাঁদের একমাত্র লক্ষ্য। আইন-কানুনের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করতে কমিশন কাজ করে যাচ্ছে।