৬ মাস পর সুন্দরবনে ফিরল আহত বাঘিনী

প্রকাশ: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ণ
৬ মাস পর সুন্দরবনে ফিরল আহত বাঘিনী

রিপন হালদার, স্টাফ রিপোর্টার: হরিণ শিকারিদের পেতে রাখা ফাঁদে পড়ে গুরুতর আহত হওয়া একটি বাঘিনী দীর্ঘ ছয় মাস নিবিড় চিকিৎসা শেষে অবশেষে তার আপন আলয় সুন্দরবনে ফিরে গেছে। আজ রবিবার সুস্থাবস্থায় বাঘিনীটিকে বনের স্বাভাবিক পরিবেশে অবমুক্ত করা হয়।

এ সময় বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে সরেজমিনে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

প্রতিমন্ত্রী জানান, গত ৩ জানুয়ারি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় হরিণ শিকারিদের লোহার ফাঁদে আটকা পড়ে আনুমানিক ১০ বছর বয়সী এই বাঘিনীটি মারাত্মকভাবে আহত হয়। ফাঁদে আটকে থাকার কারণে তার বাঁ পায়ের চামড়া, মাংসপেশি ও শিরা ক্ষতবিক্ষত ও গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছিল।

পরবর্তীতে তাকে উদ্ধার করে খুলনার বয়রায় অবস্থিত বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে নেওয়া হয়। সেখানে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিমের নিবিড় পরিচর্যা, নিয়মিত ড্রেসিং ও দীর্ঘ ছয় মাসের চিকিৎসায় বাঘিনীটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে।

বাঘটিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শরকির খাল সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে। বন বিভাগ জানায়, বাঘটিকে অবমুক্ত করার পর তার গতিবিধি ও বিচরণের ওপর নজর রাখার জন্য নির্ধারিত সময়ের মধ্যে স্যাটেলাইট কলার (স্যাটেলাইট ট্র্যাকার) পাওয়া যায়নি। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে বাঘিনীর বিচরণ এলাকার প্রায় আট কিলোমিটার এলাকা জুড়ে ২০টি অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

পূর্ব সুন্দরবন বন বিভাগের বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, “দীর্ঘ চিকিৎসার পর বাঘটির প্রয়োজনীয় ওজন বেড়েছে এবং তার বন্য ক্ষিপ্রতাও পুরোপুরি ফিরে এসেছে। ফলে সে এখন সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের খাবার নিজে শিকার করে বেঁচে থাকতে পারবে বলে আমরা আশাবাদী।”

পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম কোনো গুরুতর অসুস্থ বা খাঁচায় বন্দি বাঘকে সম্পূর্ণ সুস্থ করে পুনরায় বনে অবমুক্ত করার গৌরবময় নজির স্থাপিত হলো।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন