সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ণ
সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

সকালবেলা প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আগামী ৮ নভেম্বর (রোববার) রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং সংসদের চতুর্থ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনা ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে— ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত; বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এবং পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত।

এ ছাড়া মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি ১৬ নম্বর (পুরোনো ২৭ নম্বর) সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরোনো নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং এবং ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত এলাকা নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

একই সঙ্গে জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা ও নির্ধারিত সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথে এই আদেশ কার্যকর হবে। এ সময় উক্ত এলাকায় অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং যেকোনো ক্ষতিকর ও দূষণীয় পদার্থ বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এআইএল/সকালবেলা