পরিস্থিতির উন্নতি সত্ত্বেও কিছু জায়গায় লোডশেডিং থাকবে: বিদ্যুৎমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া দুটি বিদ্যুৎ কেন্দ্রে পুনরায় উৎপাদন শুরু হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। তবে চাহিদার তুলনায় এখনো কিছুটা ঘাটতি থাকায় দেশের কিছু কিছু জায়গায় সাময়িক লোডশেডিং অব্যাহত থাকবে। আজ সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এই তথ্য জানান।
মন্ত্রী জানান, আজ দেশে বিদ্যুতের মোট চাহিদা ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট হলেও এই মুহূর্তে উৎপাদন হচ্ছে ১৪ হাজার ৫০০ মেগাওয়াট। ফলে ৩৩৯ মেগাওয়াটের একটি সাময়িক ঘাটতি রয়ে গেছে।
পরিস্থিতি নিয়ে বিদ্যুৎ মন্ত্রী বলেন, “চাহিদার তুলনায় উৎপাদন কিছুটা কম থাকায় কিছু কিছু জায়গায় এখনো লোডশেডিং থাকবে, তবে এটি যাতে দ্রুত দূর করা যায় সে জন্য আমরা সচেষ্ট আছি। গতকালকে পরিস্থিতি বেশ খারাপ ছিল, আল্লাহর রহমতে আজকে আমরা সেখান থেকে বড় উত্তোরণ করতে পেরেছি।”
এর আগে গতকাল রোববার একই বিধিতে দেওয়া বক্তব্যে মন্ত্রী জানিয়েছিলেন, আকস্মিক কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বড় বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে বেরিয়ে গেছে। যার ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বড় আকারের লোডশেডিং দিতে বাধ্য হয়েছিল বিদ্যুৎ বিভাগ। তবে কৌশলগত কারণে তিনি বিদ্যুৎ কেন্দ্র দুটির নাম প্রকাশ করেননি।
বন্ধ হওয়া সেই পাওয়ার স্টেশন দুটোতে আজ সোমবার সকাল থেকে পুনরায় উৎপাদন শুরু হয়েছে দাবি করে ইকবাল হাসান মাহমুদ বলেন, “আমাদের বিদ্যুতের দুটো পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে গতকালকে বড় লোডশেডিং দিতে হয়েছিল। আনন্দের সঙ্গে জানাতে পারি, কেন্দ্রগুলো চালু হওয়ায় এখন আমাদের উৎপাদন ১৪ হাজার ৫০০ মেগাওয়াটে পৌঁছেছে। বর্তমানে লোডশেডিংয়ের পরিমাণ মাত্র ৩৩৯ মেগাওয়াটে নেমে এসেছে এবং এই ঘাটতিটুকুও দ্রুত কমিয়ে আনার চেষ্টা চলছে।”
|